
চট্টগ্রামের ফটিকছড়িতে দুস্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত জমিরিয়া হোসানীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মাওলানা সেলিম উল্লাহ (৭০) ইন্তেকাল করেছেন। তিনি দক্ষিণ ফটিকছড়ি ওলামা পরিষদের উপদেষ্টা ছিলেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জানা গেছে, এর আগে গত ২৪ জানুয়ারি বিকেলে উপজেলার শান্তিরহাটের উত্তর নিশ্চিন্তপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আলী হোসেনের ছেলে মো. মোজাহার দেশীয় অস্ত্র দিয়ে মাওলানা সেলিম উল্লাহর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার নাক, মুখ, মাথাসহ শরীর মারাত্মকভাবে আহত ও রক্তাক্ত হয়। হামলার পর অভিযুক্ত মোজাহার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত অবস্থায় মাওলানা সেলিম উল্লাহকে প্রথমে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় তিনি ইন্তেকাল করেন।
বিষয়টি নিশ্চিত করে নিহত মাওলানা সেলিম উল্লাহর ছেলে মো. আজিজ জানান, তার পিতাকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, ঘটনার পর থেকে হামলার সাথে জড়িত ব্যক্তিরা তাকে ও তার পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় তিনি (ব্যবসায়ী মো. আজিজ উল্লাহ) বাদী হয়ে ফটিকছড়ি থানায় ৩ জনকে সুনির্দিষ্ট ও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল আলম মাওলানা সেলিম উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার পর থেকে অভিযুক্ত মোজাহারের পরিবার আত্মগোপনে রয়েছে। বক্তব্য জানার জন্য তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায় নি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পূর্বকোণ/পিআর/এএইচ