
বিএনপি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিশ্বাসী এবং ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বলেন, তারা ইসলামের ‘ঠিকাদারি’ নিয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে মানুষের কাছে ‘জান্নাত’ বিক্রি করে মা-বোনদের বিভ্রান্ত করছে।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার পরিবর্তে কর্নেল অলিকে সামনে এনে ৭১-এর ইতিহাস বিকৃতি ও জঘন্য মিথ্যাচার করছে। বিএনপি সব ধর্ম, বর্ণ ও গোত্রের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় গেলে কক্সবাজারকে দক্ষিণ এশিয়ার ‘গেটওয়ে’ হিসেবে গড়ে তোলা হবে।
তাঁর ঘোষিত মাস্টারপ্ল্যানে রয়েছে- একটি আধুনিক গভীর সমুদ্র বন্দর নির্মাণ, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীতকরণ এবং আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন, কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বঙ্গোপসাগরের খনিজ ও সমুদ্র সম্পদ আহরণে বিশেষ গুরুত্ব প্রদান, ইন্ডাস্ট্রি স্থাপনের মাধ্যমে লবণ শিল্পের উন্নয়ন ও লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা।
ভূমি সমস্যা নিয়ে ভোটারদের আশ্বস্ত করে এই বিএনপি নেতা ঘোষণা দেন যে, যারা দীর্ঘ সময় ধরে খাস জমি বা বনভূমির জায়গায় বসবাস করছেন, বিএনপি ক্ষমতায় গেলে তাঁদের কাউকে উচ্ছেদ করা হবে না।
জনসভায় প্রার্থী লুৎফর রহমান কাজল বলেন, আওয়ামী লীগ আমলের ‘কালো আইনের’ কারণে পর্যটন শিল্পের বিকাশ থমকে গিয়েছিল। তিনি বিনিয়োগ সহজ করতে নতুন আইন প্রণয়ন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভা শুরু হওয়ার আগেই পুরো এলাকা নেতাকর্মীদের মিছিলে জনসমুদ্রে পরিণত হয়।
পূর্বকোণ/সিজান/পারভেজ