
২০২৪ সালের ৮ আগস্ট থেকে দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এ তথ্য তুলে ধরা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, আজকে পর্যন্ত ২০২৪ সালের ৮ আগস্ট ইন্টেরিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে যেসব কাজ হয়েছে, যেগুলো আইন হয়েছে, অর্ডিনান্স হয়েছে এবং এর সঙ্গে যেগুলো পলিসি হয়েছে বা অন্যান্য ইন্স্ট্রুমেন্ট যেগুলো সাইন হয়েছে— সেটার একটা প্রেজেন্টেশন দেওয়া হয়। সেখানে আমরা দেখছি যে, অধ্যাদেশ জারি হয়েছে ১১৬ টি।
প্রেস সচিব জানান, এ সময়ের মধ্যে ৬৮টি রেগুলার সাপ্তাহিক কেবিনেট বৈঠক হয়েছে। এই কেবিনেট বৈঠকগুলোতে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫২৬টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ৪৩৯টি। মানে এটার ইমপ্লিমেন্টেশনের হার ৮৩ শতাংশ। এটা আপনার আগের সরকারগুলোর সঙ্গে মিলিয়ে দেখবেন, এটা একটা রেকর্ড পরিমাণ অধ্যাদেশ জারি হয়েছে এবং এগুলো এমন না যে, আমি এই ছোটখাটো একটা মাইনর চেঞ্জ করে অধ্যাদেশ, যেগুলো অধ্যাদেশ জারি হয়েছে— প্রত্যেকটা ১১৬টির পুরোটা আমরা আপনাদের লিস্ট দেবো। দেখবেন যে, কত কিছু অধ্যাদেশ আছে, যেটা বাংলাদেশের মানুষের জীবনে যুগান্তকারী ইমপ্যাক্ট আনবে। অধ্যাদেশ প্রক্রিয়াধীন আছে আরও ১৬টি— এর মধ্যে নীতিগতভাবে আরও অধ্যাদেশ জারি হয়েছে মানে অনুমোদন হয়েছে তিনটি। আর নীতিমালা হয়েছে ১৪টি, দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে ১৪টি। আর উপদেষ্টা পরিষদের জন্য সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে মোট ৩৪৮টি।
পূর্বকোণ/আরআর