
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের নির্বাচন বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে আদায় করা হচ্ছে। বিগত আমলে নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে। জুলাই বিপ্লবের মূল চেতনা হলো- এই দেশে আর সন্ত্রাস, সহিংসতা ও ফ্যাসিবাদ চলবে না। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং এই দেশ গণতান্ত্রিক ধারায় চলবে ইনশাআল্লাহ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ছোট মহেশখালীতে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যে দেশের তরুণরা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, সেই জনগণকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যাবে না। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, শান্তিপূর্ণ সহাবস্থান চাই।যারা পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করতে চায়, নির্বাচন কমিশন যেন তাদেরকে ছাড় না দেয়। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করাই হবে এই নির্বাচনের অন্যতম লক্ষ্য।
গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “প্রত্যেক মানুষের ব্যক্তিগত মতামত ও মতপ্রকাশের স্বাধীনতা আছে। মানুষকে আল্লাহ বিবেক ও বুদ্ধি দিয়েছেন- সেই বিবেক ও বুদ্ধির আলোকে মতপ্রকাশ করাই গণতন্ত্র, এটিই ইসলাম। এর বাইরে যা কিছু আছে, তা সন্ত্রাস ও দুর্বৃত্তায়ন। সেই দুর্বৃত্তায়নের যুগ শেষ।
ড. হামিদুর রহমান আযাদ আরও বলেন, কোনো রাজনৈতিক কর্মী তার পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবে— এটাই গণতন্ত্র। নির্বাচনে বাধা দিলে পরিবেশ কখনো ভালো থাকে না। আমরা এই অপশক্তিগুলোকে ব্যালট বিপ্লবের মাধ্যমে পরাজিত করব ইনশাআল্লাহ।
নারীদের বিরুদ্ধে অপপ্রচার ও সম্মানহানির বিষয়ে তিনি বলেন, একটি দল নারীদের বিরুদ্ধে আক্রমণ বাড়িয়ে দিয়েছে এবং বক্তব্য বিকৃত করে সম্মানহানির চেষ্টা করছে। আমরা তাদের বলতে চাই- সুষ্ঠু প্রতিযোগিতায় আসুন, জনগণের সামনে আপনাদের বক্তব্য তুলে ধরুন। অপবাদের মাধ্যমে জনগণের প্রিয় হওয়া যায় না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, দেশ পুনর্গঠন, স্থিতিশীলতা নিশ্চিত এবং গণতন্ত্র সুসংহত করতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন। যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় আমরা ধরে নিতে বাধ্য হবো— আপনারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ইচ্ছুক নন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসেন, উপজেলা সেক্রেটারি আব্দুর রহিম, ছোট মহেশখালী ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সোহেল, মহেশখালী উপজেলা শিবির সভাপতি আবু রায়হানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
পূর্বকোণ/এএইচ