
চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী শাকপুরা রাসবিহারী ধামে একটি চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ধাম থেকে ১৫ কেজি ওজনের একটি বড় পিতলের ঘণ্টা চুরি হয়।
ধামের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুইজন ব্যক্তি অত্যন্ত সুকৌশলে সিলিং থেকে ঘণ্টাটি খুলে নিয়ে যাচ্ছে।
ধাম পরিচালনা কমিটির সভাপতি তপন চৌধুরী বাবু জানান, চুরি হওয়া এই পিতলের ঘণ্টাটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
পরিচালনা কমিটির সভাপতি তপন চৌধুরী বাবুর দাবি, পুলিশ তাদের কাছে সন্দেহভাজন ব্যক্তিদের নাম দাবি করেছে। কিন্তু নির্দিষ্ট কাউকে সন্দেহ না করায় এবং আন্দাজে কারো নাম দিতে রাজি না হওয়ায় তারা শেষ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তাকে আগে কেউ অবহিত করেনি। তিনি আরও উল্লেখ করেন যে, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে পুলিশ দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ