
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় ইউনাইটেড কেমিক্যালের মাইক্রোবাস চালকের মোবাইল ছিনতাই হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
চালক মো. ফয়সাল জানান, তিনি সকালে কোম্পানির ওষুধ বিক্রির জন্য বের হয়েছিলেন। ওষুধ বিক্রির কাজ শেষ করে দুপুর ১টায় অফিসের দিকে আসার সময় সল্টগোলা ক্রসিং এলাকায় একব্যক্তি তার গাড়ি থামায়। এরপর আরও কয়েকজন সেখানে জড়ো হয়। গাড়ি দাঁড় করানো ওই ব্যক্তি বলেন, আপনি তো পিছনে একজন লোককে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে আসছেন। এ কথার জবাব দিতে দিতে এক লোক তার গাড়ির ড্যাশবোর্ডে রাখা মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, আমরা ইতিমধ্যে ওই মোবাইল যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু সেটি বন্ধ পাওয়া গেছে। মোবাইলটি উদ্ধারে কাজ চলছে।
পূর্বকোণ/পিআর/এএইচ