
ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।
তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলা কলারোয়ায়। এটি ছিল হালকা মাত্রার ভূমিকম্প; রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ১ মাত্রা।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) বলছে, সাতক্ষীরা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। আর ভারতের উত্তর ২৪ পরগণার হাবড়া পৌরসভা থেকে এর দূরত্ব ৩৬ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটি মৃদু হওয়ায় এবং গভীরতা বেশি থাকায় বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন স্থানে ছোট ও মাঝারি মাত্রার কম্পন অনুভূত হচ্ছে, যা নিয়ে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পূর্বকোণ/পিআর