
কক্সবাজারের চকরিয়ায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে খুটাখালী বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার আবু তাহেরের ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৫) এবং একই এলাকার মোহাম্মদ জোহরের ছেলে মোহাম্মদ উসমান (২০)।
খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, খুটাখালী বাজারে একটি উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন সংলগ্ন নির্মাণাধীন ভবনে তিনজন শ্রমিক কাজ করছিলেন। একপর্যায়ে লাল মুহিত উদ্দিন সাগর প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন, পরে পাশে থাকা অপর শ্রমিক মোহাম্মদ ওসমানও বিদ্যুৎতায়িত হয়ে নিচে পড়ে যান। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খৃষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত শ্রমিকদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহতদের মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ