চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা

ভারত–পাকিস্তান ম্যাচ না হলে লোকসান ৬ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক

২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৫৪ অপরাহ্ণ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

 

বিভিন্ন সূত্রের প্রতিবেদন অনুযায়ী, এই একটি ম্যাচ না হওয়ার কারণে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ এবং টিকিট বিক্রি মিলিয়ে প্রায় ৬,১২০ কোটি টাকারও বেশি (৫০০ মিলিয়ন ডলার) লোকসান হতে পারে।

 

শুধুমাত্র বিজ্ঞাপন খাত থেকেই ক্ষতির পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা, যেখানে এই ম্যাচের প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য ধরা হয় ২৫-৪০ লক্ষ টাকা। এই ম্যাচটি মাঠে না গড়ালে ভারত ও পাকিস্তান উভয় বোর্ডই সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ২০০ কোটি টাকা করে লোকসানের সম্মুখীন হবে। ভারতের জন্য এই ধাক্কা সামলানো সম্ভব হলেও পিসিবির জন্য এটি অস্তিত্বের সংকট তৈরি করতে পারে, কারণ তাদের আইসিসি অনুদান (বছরে প্রায় ৩৪.৫১ মিলিয়ন ডলার) টুর্নামেন্টে অংশগ্রহণের শর্তের ওপর নির্ভরশীল।

 

এছাড়া, আইসিসির কেন্দ্রীয় রাজস্ব কমে গেলে তার নেতিবাচক প্রভাব পড়বে সহযোগী ও ছোট পূর্ণ সদস্য দেশগুলোর ওপর, যারা আইসিসির অর্থের ওপর নির্ভরশীল। দীর্ঘমেয়াদে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া এবং ভবিষ্যতে তাদের ম্যাচগুলো ‘ঝুঁকিপূর্ণ সম্পদ’ হিসেবে চিহ্নিত হওয়ার ফলে সম্প্রচার মূল্য কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে। এমনকি চুক্তি ভঙ্গের দায়ে পিসিবির পাওনা অর্থ আটকে যাওয়া বা বড় অঙ্কের জরিমানার সম্ভাবনাও তৈরি হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন