চট্টগ্রাম সোমবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

প্লট দুর্নীতি: হাসিনার ১০ বছর টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতি: হাসিনার ১০ বছর টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১:৩১ অপরাহ্ণ

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছর এবং তার ভাগ্নি শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিককে একটি মামলায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, আর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করেন বলে জানান দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

 

মামলার অভিযোগ ছিল, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও ‘সেই তথ্য গোপন করে আইন ভেঙে দুর্নীতির মাধ্যমে’ রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি করে প্লট বরাদ্দ নেন। শেখ হাসিনা ‘ক্ষমতার অপব্যবহার’ করে বোনকে প্লট বরাদ্দে ‘সহায়তা’ করেন। এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার ভাই-বোনকে প্লট পাইয়ে দিতে খালা শেখ হাসিনাকে ‘প্রভাবিত’ করেন।

 

দুদকের দায়ের করা এ দুই মামলাতেই ১৮ জন করে আসামি রয়েছেন। তাদের মধ্যে গ্রেপ্তার একমাত্র আসামি খুরশীদ আলমের এক বছর করে ২ বছর সাজা হয়েছে। বাকি আসামিদের দেওয়া হয়েছে ৫ বছর করে কারাদণ্ড।

 

আসামিদের সবাইকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে। সেই সঙ্গে ববি ও রূপন্তীর নামে পূর্বাচলের দুই প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

রায়ের সময় খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। হাসিনা, রেহানা, টিউলিপসহ বাকিদের পলাতক দেখিয়ে এ মামলার বিচার কাজ চলে। ফলে তাদের পক্ষে কোনো আইনজীবী মামলা লড়ার সুযোগ পাননি।

 

জুলাই গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের অনিয়ম-দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে।

 

এ প্রেক্ষাপটে ‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে’ রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে হাসিনা পরিবারের ১০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের জানুয়ারিতে ছয়টি মামলা করে দুদক।

 

এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে আসামি করা হয়।

 

গত ৩১ জুলাই ছয় মামলায় শেখ হাসিনা ও শেখ রেহেনা পরিবারের সাত সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠ করেন আদালত। এর মধ্যে হাসিনা পরিবারের তিন মামলার রায় ঘোষণা করা হয় গত ২৭ নভেম্বর। আর ১ ডিসেম্বর দেওয়া রেহানার প্লট দুর্নীতির মামলার রায়।

 

এ চার মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। জয় ও পুতুলকে দেওয়া হয় পাঁচ বছর করে কারাদণ্ড। এছাড়া শেখ রেহানার ৭ বছর এবং তার মেয়ে টিউলিপের ২ বছরের সাজা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট