
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল চট্টগ্রাম ও কক্সবাজার সফর করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি কক্সবাজার, চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত বিভিন্ন নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
দলীয় সূচি অনুযায়ী, আমিরে জামায়াত আগামীকাল সোমবার সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছাবেন। সেখানে নতুনবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য ও প্রার্থী পরিচিতি পর্বে অংশ নেওয়ার পর দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার শহরের গোল চত্বর মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এরপর তিনি লোহাগাড়ার পদুয়ায় নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে পদুয়া হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
বিকেল সাড়ে ৪টায় জামায়াত আমির সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখবেন এবং সেখান থেকে সড়কপথে চট্টগ্রাম নগরে পৌঁছাবেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে রাতে তিনি চট্টগ্রাম নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং বক্তব্য রাখবেন। সকল কর্মসূচি শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
আমিরের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীরা মিছিল, মাইকিং ও লিফলেট বিতরণসহ ব্যাপক প্রস্তুতি চালাচ্ছেন। এসব জনসভায় নির্বাচনী ঐক্যের শরিক দলের শীর্ষ নেতৃবৃন্দকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ