চট্টগ্রাম রবিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত পাকিস্তানের

অনলাইন ডেস্ক

১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:০৭ অপরাহ্ণ

অনেক জল্পনা-কল্পনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিশ্বকাপে খেললেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।সরকার প্রধানের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। 

 

পাকিস্তান বিশ্বকাপ বয়কটের কথা উত্থাপন করেছিল মূলত বাংলাদেশের সমর্থনে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিসিবি বিশ্বকাপ ম্যাচ ভারতে খেলতে আপত্তি জানায়। বাংলাদেশ সরকারও সাফ জানিয়ে দেয়- নিরাপত্তা ঝুঁকি যেখানে, সেখানে ক্রিকেটারদের পাঠানো হবে না। আইসিসি ভারতে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা নেই দাবি করলেও বাংলাদেশ জানায় ভেন্যু পরিবর্তনের আবেদন।তবে সেই আবেদন গ্রাহ্য না করে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে নেয়। আইসিসির সদস্য দেশদের ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ভোট দেয় শুধু পাকিস্তান। এমনকি নিজেরাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়ে বসে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন