
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে অস্বাভাবিক ভোটার স্থানান্তর এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বেশ কিছু গুরুতর অভিযোগ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান জানান, গত এক-দেড় বছরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তরিত হয়েছে। ইসি এই সংখ্যা প্রতি আসনে মাত্র দুই-তিন হাজার দাবি করলেও বিএনপি তাদের তথ্যে সন্তুষ্ট হতে পারেনি এবং আসনভিত্তিক সঠিক তথ্য যাচাইয়ের দাবি জানিয়েছে। এছাড়া, ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রচার ও আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ইসি কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করে দলটি।
নির্বাচনে প্রথমবারের মতো বিএনসিসি সদস্যদের সম্পৃক্ত করার সম্ভাব্য সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিএনপি জানায়, ছাত্রদের এই জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় জড়ানো ঠিক হবে না। পাশাপাশি, নির্বাচনী এলাকায় ‘শান্তি কমিটি’ গঠনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হলে ইসি এ বিষয়ে তাদের অনবগতির কথা জানায়। বিএনপি ইসি অনুমোদিত ৫৫ হাজারের দেশি পর্যবেক্ষকের নিয়োগ প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে। এসব অভিযোগ ও দাবি পর্যালোচনার বিষয়ে ইসি বিএনপিকে আশ্বস্ত করেছে।
পূর্বকোণ/কায়ছার /পারভেজ