চট্টগ্রাম রবিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন চায়: সালাহউদ্দিন

স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন চায়: সালাহউদ্দিন

চকরিয়া সংবাদদাতা

১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:১০ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। অথচ এদেশের মানুষ সেটি চায়না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী গণসংযোগে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিক পাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। এছাড়া নিকটবর্তী আরও কয়েকটি ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, এদেশে ছাত্র-গণঅভ্যুত্থানে শত সহস্র মানুষ শহীদ হয়েছে, রাজপথে রক্ত দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার। এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাঙ্ক্ষা পুরণের দেশ গড়তে ধানের শীষে ভোট চান তিনি।

 

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমরা অবাস্তব কিছু বলছি না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাইনা, আমরা কর্মক্ষম হাতের সৃজন করতে চাই। আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত হিসেবে তৈরি করতে চাই ।

 

তিনি বলেন, এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ করবো, খাল খনন করবো প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাবো এনিয়ে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে। অথচ অন্যান্য দল যারা মাঠে রয়েছে তাদের কোনো পরিকল্পনা নাই এদেশের মানুষের জন্য। তারা রয়েছে দেশে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সময়ে দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা শৃংঙ্খলায় ফিরিয়ে আনবে বিএনপি। সেজন্য তিনি সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি।

এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া , সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট