
চট্টগ্রাম নগরে সামাজিক দায়বদ্ধতার ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে ফ্যাশন ফর লাইফ ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম। তাদের যৌথ উদ্যোগে ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর জন্য ডিনার, ফ্যাশন ও গিফটিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) নগরের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত এই মানবিক অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল আনন্দঘন পরিবেশ, মানসম্মত নৈশভোজ, নতুন পোশাক ও উপহার। ‘Gift a Dinner, Transform an Evening’—এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানটি শিশুদের আনন্দ ও ভালোবাসায় ভরিয়ে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত, সেক্রেটারি জেনারেল মঈন উদ্দিন নাহিদ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু দ্য প্রেসিডেন্ট সাইহান হাসনাত, ডিরেক্টর জিয়া উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ ছাড়া ফ্যাশন ফর লাইফের প্রতিনিধিবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কর্পোরেট পার্টনার, স্পন্সর ও স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্যে জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত বলেন, ‘এ ধরনের আয়োজন কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি মানবিক মূল্যবোধের প্রতিফলন। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে Fashion for Life-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত।’
সেক্রেটারি জেনারেল মঈন উদ্দিন নাহিদ বলেন, ‘জেসিআই সবসময় সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে। এই উদ্যোগ শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি আমাদের সামাজিক দায়বদ্ধতাকেও তুলে ধরে।’
আয়োজকরা জানান, এই কর্মসূচি বাস্তবায়নে কর্পোরেট প্রতিষ্ঠান, মিডিয়া পার্টনার ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
পূর্বকোণ/এএইচ