
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সংসদ সদস্য প্রার্থী জুলফিকার আলী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম একাডেমির হল রুমে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে জুলফিকার আলী বলেন, মনোনয়ন জমার দিন বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশ করে রিটার্নিং কর্মকর্তার সিরিয়াল খাতায় নাম অন্তর্ভুক্ত করলেও স্বেচ্ছাচারিতার কারণে তিনি মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
তিনি আরও বলেন, তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২৯ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর তিনি ফটিকছড়ি উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র উত্তোলন করি এবং যথাযথভাবে ফরম পূরণসহ জামানত বাবদ ৫০ হাজার টাকা পে-অর্ডারের মাধ্যমে জমা প্রদানসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করি। (পে-অর্ডার নম্বর- POH 4883099)
তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুষ্ঠু তদন্ত ও দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আমান উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি শাখার প্রচার সম্পাদক মিজানুর রহমান জামীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
পূর্বকোণ/কায়ছার