চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

কর্ণফুলী সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ও বিকাশ-নগদের লেনদেনে ব্যবহৃত পাঁচটি মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী হলেন স্থানীয় শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা নাম মো. দেলোয়ার হোসেন (৪০)। আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে তার ‘সাথী এন্টারপ্রাইজ’ নামে দোকান রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত দেলোয়ার জানান, তার দোকানে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি বিকাশ ও নগদ লেনদেন করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে শিকলবাহা ক্রসিং মোড়ে পেছন দিক থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে মাথায় আঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা এবং বিকাশ-নগদের লেনদেনে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিল।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ছিনতাইয়ের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট