চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ মার্চ, ২০২৬

সর্বশেষ:

বিদেশে পাচারকৃত ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে এনবিআর
ফাইল ছবি

প্রধান উপদেষ্টার কাছে তথ্য প্রকাশ

পাচারকৃত ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে এনবিআর

অনলাইন ডেস্ক

১৭ আগস্ট, ২০২৫ | ১০:৪৪ অপরাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধানের মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।

 

রবিবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও সিআইসি মহাপরিচালকের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এসব তথ্য তুলে ধরা হয়।

 

সিআইসি মহাপরিচালক আহসান হাবিব জানান, নয়টি দেশে ৩৫২টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে, যা টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি। দেশগুলো হলো— অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডমিনিকা, গ্রেনেডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মালটা, সেন্ট লুসিয়া এবং তুরস্ক।

 

তিনি আরও জানান, এই অনুসন্ধানের মাধ্যমে বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে গড়ে তোলা ৩৪৬টি সম্পত্তির সন্ধান মিলেছে। এটি অনুসন্ধানের আংশিক চিত্র। অর্থপাচারের সঙ্গে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি সংশ্লিষ্টদের সাজা নিশ্চিত করতে সিআইসি কাজ করছে। এ প্রক্রিয়ায় ছয়টির অধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সহযোগিতা করছে।

 

সিআইসি মহাপরিচালক বলেন, অর্থ পাচারের সঙ্গে জড়িতরা কেন্দ্রীয় ব্যাংকের ডাটাবেজে নিজেদের লোক বসিয়ে তথ্য মুছে দিয়েছে। তবে সিআইসি সেই তথ্য উদ্ধারে দক্ষতা অর্জন করেছে।

 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দুদক, সিআইসি ও পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এটি ভবিষ্যতে দেশের সম্পদ লুট হওয়া রোধে দৃষ্টান্ত স্থাপন করবে।

 

তিনি আরও জানান, সিআইসিকে অনুসন্ধান আরও গভীরে এবং সম্ভাব্য আরও দেশে বিস্তৃত করার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সম্পদ দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সকল পদক্ষেপে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

 

ড. ইউনূস এই লুটপাটকে ভয়াবহ দেশদ্রোহিতা হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ বিনির্মাণ করতে হলে এই লুটেরাদের আইনের আওতায় আনা এবং তাদের কর্মকাণ্ড জাতির সামনে প্রকাশ করা আবশ্যক।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট