
চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের ছোট ভাই ও বোয়ালখালী উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দিন খান মারা গেছেন। রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৪ বছর।
জানা গেছে, মনির উদ্দিন খান প্রায় ২০ দিন আগে শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর করোনার নমুনা পরীক্ষায় তার ফল পজেটিভ আসলে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, পৌর মেয়র হাজী আবুল কালাম আবুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
পূর্বকোণ/সেকান্দর-আরপি