
চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার পৌরসভার বাস স্টেশনের বুলবুলীপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় নগদ টাকাসহ ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহজাহান জানান, পৌর সদরের বাস স্টেশনের হাজী তফাজ্বল মার্কেট, খালেক কোম্পানির গোডাউন ও আবদুর জব্বার মার্কেটে যেকোন একটির দোকানের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে স্বল্প আয়ের মানুষের বিভিন্ন সরঞ্জামাদি, ফলের গোডাউন, টিনশেড ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থল পরির্দশন করেছেন।
পূর্বকোণ/শিমুল-আরপি