চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

‘১৮ বছরের নিচে করোনা ভ্যাকসিন পাবে না’

অনলাইন ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২০ | ৫:০৪ অপরাহ্ণ

বাংলাদেশের জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ ১৮ বছরের নিচে হওয়ায় তারা করোনা ভ্যাকসিন পাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশের জনসংখ্যার ২০ শতাংশ মানুষ কোভিড-১৯ ভ্যাকসিন পাবে যা প্রায় সাড়ে পাঁচ কোটি। অন্যদিকে আমাদের জনসংখ্যার যারা ১৮ বছরের নিচে তারা কিন্তু ভ্যাকসিন গ্রহণ করবে না, যা প্রায় ৪০ শতাংশ। পৃথিবীর কোথাও তাদের ভ্যাকসিন দেয়া হচ্ছে না এবং তাদের ট্রায়ালও হয়নি।

আজ রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি জানান, এক কোটি লোক দেশের বাইরে থাকে। তাতে হিসাবে আছে, প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষের এই মুহূর্তে ভ্যাকসিনের প্রয়োজন হবে না। আর যে ভ্যাকসিন দেয়া হবে সেটাও প্রায় সাড়ে পাঁচ কোটি। কাজেই গ্যাপ (জনসংখ্যা বাকি) বেশি থাকছে না, যেটুকু থাকছে সেটুকুও  পর্যায়ক্রমে পূরণ করে ফেলা হবে বলে তিনি জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে  একটি ওষুধের আর একটি ভ্যাকসিনের ল্যাব আছে। যে ওষুধের ল্যাব আছে সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদন দিয়েছে।

সেই অনুমোদনের ফলে এই ল্যাব আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এখানে স্বাস্থ্য অধিদপ্তরের যত ওষুধ কোম্পানি আছে সে ওষুধের মান প্রতিনিয়ত পরীক্ষা করা হয় এবং সে মান বজায় রাখার জন্য যা যা করা প্রয়োজন তা করা হয়। আগামীতে এই ল্যাবরেটরিতে কোভিড ভ্যাকসিনও পরীক্ষা করা হবে বলে তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানসহ ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরির কর্মকর্তারা।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট