চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম আজ

পূর্বকোণ ডেস্ক

৭ নভেম্বর, ২০২২ | ১০:৪৮ পূর্বাহ্ণ

পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম আজ। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ ১১ তারিখ। হিজরি সনের রবিউসসানীর ১১ তারিখে গাউসুল আজম বড়পীর হজরত শেখ মুহিউদ্দীন আব্দুল কাদির জিলানীর (রাহ.) নামে যে ফাতিহা অনুষ্ঠান পালিত হয়, তারই নাম ফাতেহায়ে ইয়াজদাহম। এই মহামনীষী ৪৭০ হিজরী সনে পারস্যের জিলান এলাকার নীফ বা নায়ফ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সুফী মতাদর্শের কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা। জ্ঞানচর্চা, আধ্যাত্মিক সাধনা, শরীয়াত ও মারিফাতের শিক্ষাদীক্ষা এবং দান খয়রাতের মাধ্যমে তিনি জীবন অতিবাহিত করেন। ৫৬১ হিজরীর ১১ রবিউসসানী ইরাকের বাগদাদ নগরীতে তিনি ইন্তেকাল করেন। ফাতেহায়ে ইয়াজদাহম অনুষ্ঠানটি তাঁরই ওফাত দিবস হিসেবে পালিত হয়।

 

এ অনুষ্ঠানের প্রচলন ইরান, মধ্য এশিয়া ও ভারতীয় উপমহাদেশেই সর্বাধিক। বাংলাদেশেও এ দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়। দেশব্যাপী মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে নানারকম কর্মসূচি গ্রহণ করা হয়। তারমধ্যে পবিত্র কুরআন মজিদ খতম, দরুদ পাঠ, জিকির-আজকার, গাউসুল আজমের জীবনী আলোচনা, মিলাদ, দোয়া-মোনাজাত ও তাবাররুক বিতরণ প্রধান। অনুষ্ঠানে আতর, গোলাপজল ছিটানো হয় ও আগরবাতি জ্বালানো হয়। এ উপলক্ষে কোনো কোনো স্থানে কাওয়ালি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

 

পূর্বকোণ/আর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট